ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পদ্মা সেতুর সুফল বঞ্চিতদের আকাঙ্খিত ‘কালনা সেতু’ উদ্বোধনের অপেক্ষা

লোহাগড়া-নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার মানুষের আরেকটি বড় স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে যাচ্ছে। স্বপ্নের ‘পদ্মা সেতু’র পর এবার দেশের প্রথম ছয় লেনের কাঙ্খিত সেই ‘কালনা সেতু’র দ্বার উন্মোচন হতে যাচ্ছে। সেতুর মূল কাজ শেষ হয়েছে। উদ্বোধনের অপেক্ষা মাত্র। এখন লাইটিংসহ চলছে দৃষ্টিনন্দন কাজ। এ সেতু চালু হলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ জেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হবে বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ, বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস, এম সুলতান সহ অসংখ্য জ্ঞানীগুণীর জন্মভূমি নড়াইলের।

আগামি ৩০ আগস্টের মধ্যে যানবাহন চলাচলের জন্য সেতু সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মতি এলেই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হবার কথা। অপেক্ষার প্রহর গুণছেন গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষসহ সেতু কর্তৃপক্ষ। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়েছে।


স্থানীয়রা জানান, কালনাঘাটে ফেরি পারাপারের ভোগান্তির কারণে নড়াইল, যশোর, বেনাপোল, নোয়াপাড়া শিল্পনগর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ আশেপাশের কয়েকটি জেলার মানুষ পদ্মা সেতুর সরাসরি সুফল বঞ্চিত। এপারে নড়াইলের কালনাঘাট। ওপারে গোপালগঞ্জের শংকরপাশা। মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদী। এ নদীর ওপরই নির্মিত হয়েছে কালনা সেতু। প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মতি পেলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হয়তো যানবাহন চালাচলের জন্য উন্মুক্ত হবে কালনা সেতু। স্থানীয় যানবাহন চালকেরা জানান, ফেরিঘাট মানেই ভোগান্তি। কালনা সেতু চালু হলে সেই ভোগান্তি আর থাকবে না।


কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, কালনা দেশের প্রথম ছয় লেনের সেতু। নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) সেতু এটি। সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশে ছয় লেনের সংযোগ সড়ক প্রায় সাড়ে ৪ কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় প্রায় ৯৬০ কোটি টাকা। এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত এটি। সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কোলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে। তবে এতোদিন কালনা পয়েন্টে মধুমতি নদী ধারা বিছিন্ন ছিল। সেতু নির্মাণের ফলে সেই বিছিন্নতা আর রইল না। কালনা সেতু চালু হলে শুধু জাতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে।


ভারত, কলকাতা, আসামসহ দেশের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, বেনাপোল ও নোয়াপাড়া নদীবন্দরের মধ্যে যোগাযোগের মাইলফলক রচিত হবে। নড়াইলের লোহাগড়ায় ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) চালুসহ ব্যবসা- বাণিজ্যের সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কালনা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কালনাঘাট থেকে ঢাকার দুরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশেপাশের সড়ক যোগাযোগ কোথাও ১০০ কিলোমিটার, কোথাও আবার ২০০ কিলোমিটার কমে যাবে। তবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ‘এক্সপ্রেস ওয়ে’ নির্মাণ করা হলেও ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত এ ধরণের সড়ক নির্মিত হয়নি। ফলে ‘এক্সপ্রেস ওয়ে’র সুফল পাচ্ছে না দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ। ভাঙ্গা থেকে নড়াইল-যশোর-বেনাপোল পর্যন্ত বর্তমানে দুই লেন সড়ক চালু আছে। এই অংশে ‘এক্সপ্রেস ওয়ে’ সড়ক নির্মাণের বিষয়টি প্রকল্পাধীন বলে জানিয়েছেন কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান। তিনি বলেন, কালনা সেতু চালু হলে যানবাহনের চাপ বেড়ে যাবে। তাই আপাতত যশোরের মনিহার সিনেমা হল চত্বর থেকে নড়াইলের কালনাঘাট পর্যন্ত ৫২ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে সড়কটি ১৮ফুট প্রশস্ত থাকলেও তা বাড়িয়ে ২৪ ফুট করা হবে। দরপত্রের কাজ শেষ পর্যায়ে রয়েছে। দরপত্র অনুমোদন হলে দুই সপ্তাহের মধ্যে ওয়ার্কঅডার দিব। নড়াইল অংশে প্রায় ৪৭ কোটি এবং যশোর অংশে ৩২ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণ করা হবে। এক বছরের মধ্যে কাজ শেষ করা হবে। এ লক্ষ্যে সড়কের দুই পাশে গাছকাটার কাজ শুরু হয়েছে। লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বলেন, নড়াইল- লোহাগড়া থেকে সড়ক পথে ঢাকা যাবার পথে বড় ভোগান্তি ছিলো পদ্মা নদী পাড়ি দেয়া (মাওয়া-কাঁঠালবাড়িয়া ঘাট এলাকা) আর মধুমতি নদী (কালনা ঘাট) পাড়ি দেওয়া। স্বপ্নের পদ্মা সেতু হওয়ায় মাওয়া-কাঁঠালবাড়িয়া ঘাট এলাকার ভোগান্তি শেষ হয়েছে। আর স্বপ্নের কালনা সেতু চালু হলে বাকি ভোগান্তিও শেষ হবে। আমরা মুক্ত হয়ে যাবো।


লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতার বড় সাফল্য পদ্মা সেতু। সেই সঙ্গে কালনা সেতুও। কালনা ঘাটে সেতু নির্মাণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো। এখন উদ্বোধনের অপেক্ষায় আমরা।

ads
ads
ads

Our Facebook Page

↑